চট্টগ্রাম সদর প্রতিনিধি:- (সাজিদুর রহমান সজীব)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঋণের চাপ সহ্য করতে না পেরে দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রোববার রাতে।
নিহত দ্বীপ ভৌমিক একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে। পরিবার ও
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন এবং প্রায় এক বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দ্বীপ নিজ ঘরে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তিনি মারা যান। নিহতের পরিবার বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে অনাগ্রহী বলে জানা গেছে।
নিহতের ভাতিজা জয় ভৌমিক বলেন, পারিবারিক নানা চাপ ও ঋণের বোঝায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।